
মোঃ শাহ আলম(আলীকদম)
বান্দরবানের আলীকদমে চকরিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে চালক ও হেলপারসহ ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, এসময় গাড়ির হেলপার মারা যান।
শনিবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে আলীকদম-লামা-চকরিয়া সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় আলীকদম কলেজসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চকরিয়া থেকে যাত্রী নিয়ে বাসটি আলীকদমের দিকে যাচ্ছিল। আলীকদম কলেজসংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির একটি চাকা বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং চালক ও হেলপারসহ ১৩ জন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
পরে আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার অভিযান চালায়।
আলীকদম থানা সুত্রে জানা গেছে , চকরিয়া থেকে আলীকদম আসার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে সড়কে চলাচলকারী যানবাহনের ফিটনেস নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, আলীকদম-লামা-চকরিয়া সড়কে পুরোনো ও ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচলের কারণে প্রায়ই যাত্রীদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে হয়। ফিটনেস বিহীন গাড়ির চালানোর বিরুদ্ধে একাধিক মানববন্ধন করা হয়েছিল।
তবে দুর্ঘটনাকবলিত বাসটির ফিটনেস ছিল না বলে দাবি করেন যাত্রীদের একাংশ।







