“ধরিত্রীর জন্য আশা জাগানো” প্রতিপাদ্যে বান্দরবানের আলীকদম উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক ‘লাউদাতো সি’ সপ্তাহ। এই উপলক্ষে বৃহস্পতিবার (২৯ মে) কারিতাসের উদ্যোগে আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের ২১০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মুমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সিনিয়র সহকারী শিক্ষক জামাল উদ্দিন, কারিতাস আলীকদম উপজেলার মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা এবং বাংলাদেশ বেতার আলীকদম উপজেলা প্রতিনিধি মোঃ শাহ আলম প্রমুখ।
গাছের চাঁরা বিতরণ করছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মুমিন।
অনুষ্ঠানে অতিথিরা পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের নিজ নিজ এলাকায় গাছ লাগিয়ে প্রকৃতিকে রক্ষা করার আহ্বান জানান।
কারিতাসের আয়োজনে পরিবেশবান্ধব এই উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে।
প্রসঙ্গত, প্রতিবছর ১৬-২৪ মে পর্যন্ত বিশ্বজুড়ে ‘লাউদাতো সি’ সপ্তাহ পালিত হয়। ২০১৫ সালে পোপ ফ্রান্সিসের প্রকাশিত “লাউদাতো সি” নামক এনসাইক্লিকালের আলোকে এই সপ্তাহে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির কর্মসূচি পালন করা হয়।